টেলিভিশনে চলছে ‘কিংফিশার’ সাংবাদিকতা : বুলবুল
বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে এখন ‘কিংফিশার’ সাংবাদিকতা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, যিনি নিজেও একটি টেলিভিশনের প্রধান।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বুলবুল।
তিনি বলেন, তিন ধরনের সাংবাদিকতা আছে। এক হচ্ছে প্রটোকল সাংবাদিকতা যেটা বিটিভি করে থাকে। আরেক রকম হলো স্টোনোগ্রাফিক সাংবাদিকতা। আর হলো ইনভেস্টিগেটিভ সাংবাদিকতা।
“বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতা হলো কিংফিশার বা মাছরাঙা সাংবাদিকতা। সারাদিন পানির ওপর উড়তে থাকে। একটা মাছ দেখা গেলেই টুপ করে তুলে নেয়। গভীরে যায় না। ভেতরে যায় না।”
বিএফইউজে সভাপতি বুলবুল বলেন, তারা সারাদিন ক্যামেরা একটা আর বুম একটা নিয়ে ঘুরতে থাকে। কিছু দেখলেই টুপ করে তুলে নেয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে একজন উপদেষ্টাকে টেলিভিশন সাংবাদিকরা ঘিরে ধরে বলেন- আপনি কিছু বলুন।
“ওই উপদেষ্টা বললেন- আমি মাত্র অফিসে এলাম। কাজকর্ম করি বিকালে বলতে পারব। সাংবাদিকরা বলেন- না স্যার। ২টার নিউজে দেখাতে হবে কিছু একটা বলেন। উপদেষ্টা বললেন- কিছুতো সিদ্ধান্ত হয়নি, এখনও কাজ করিনি, কি বলব? সাংবাদিকরা তবুও বলেন- হাতে কিছু নেই। কি দেখাব? কিছু একটা বলেন।”
সাংবাদিক নেতা বুলবুল বলেন, এসব টিকবে না। ইনভেসটিগেটিভ, ফলোআপ ও এনালেটিক্যাল সাংবাদিকতা টিকে থাকবে। ১০-১২ বছর কাজ করার পরই একজন সাংবাদিকের বিশ্লেষণী ক্ষমতা গড়ে ওঠে।
আগামী দুই থেকে তিন দশকের মধ্যে ছাপা সংবাদপত্র থাকবে না উল্লেখ করে বুলবুল বলেন, তখন নিউজ পেপার নয় নিউজ প্ল্যাটফরম হয়ে যাবে। একটা খুনের ঘটনা ২৪টা চ্যানেল দিনে ২৪০ বার দেখায়। পরদিন পত্রিকায় সেটা কেউ পড়বে না।
“প্রযুক্তির যুগে পত্রিকার ধারণা প্রতিযোগিতার মুখে পড়েছে। টিকে থাকতে হলে নতুন ধরনের সাংবাদিকতা চর্চা করতে হবে। সাংবাদিকতা দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথাগত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।”
চট্টগ্রাম প্রেস ক্লাবকে চেতনার বাতিঘর ও বুদ্ধিভিত্তিক চর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বুলবুল।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী মহসিন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতায় অবদানের জন্য জীবিত ও প্রয়াত ছয় সাংবাদিককে সম্মাননা জানানো হয়।
