সীমান্তে হত্যা বন্ধে ‘যৌথ অংশগ্রহণ’ চায় ভারত
সীমান্তহত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে আবারও ভারতের পক্ষ থেকে প্রতিশ্রুতি পেয়েছে বিজিবি।
দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলছে, একার পক্ষে সীমান্তে হত্যা বন্ধ সম্ভব নয়, কাজ করতে হবে যৌথভাবে।
সোমবার বিজিবি সদরদপ্তরে বিজিবি-বিএসএফের সপ্তাহব্যাপী সীমান্ত সম্মেলন শেষের একদিন আগে যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ সীমান্ত সম্মেলন চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
সম্মেলনে ভারতের ১৯ সদস্য ও বাংলাদেশের ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।
বিএসএফ মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক বলেন, “সীমান্ত সম্মেলনে ভারত বাংলাদেশ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। এ সম্মেলন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেবে।”
সীমান্তে হত্যার বিষয়ে বিএসএফ মহাপরিচালক বলেন, “যেকোনো দেশের নাগরিকই যখন প্রাণ হারান তখন তা অত্যন্ত দুঃখজনক। তবে পরিসংখ্যান বলছে সীমান্তে হত্যা আগের চেয়ে অনেক কমে এসেছে।”
২০০৭ সালে সীমান্তে বিভিন্ন কারণে ১০৬ জনকে প্রাণ দিতে হয়েছে, সেখানে ২০১২ সালে সে সংখ্যা ১১ জন দাবি করেন তিনি।
দেবেন্দ্র কুমার পাঠক বলেন, “একার পক্ষে সীমান্তে হত্যা বন্ধে কাজ করা সম্ভব না। এজন্য বিজিবি-বিএসএফ যৌথভাবে সীমান্তে হত্যা বন্ধে কাজ করতে চায়। এরকম ঘটনাকে আমরা শূন্যে নিয়ে আসতে চেষ্টা করছি।”
অবশ্য আদালতে বিচারাধীন হওয়ায় ফেলানী হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
বৈঠকে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান, অবৈধভাবে মানব পাচার, অস্ত্র ব্যবসা, সীমান্তে অপরাধে জড়িতদের আটকের বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়েও যৌথ সিদ্ধান্ত হয়েছে।
বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ বলেন, “আমরা সীমান্তে যেসব এলাকায় মানুষ হত্যার শিকার হয় সেইসব জায়গা চিহ্নিত করার পরিকল্পনা করেছি।
“সেইসব জায়গায় যেন অপরাধ না ঘটে প্রয়োজনে যৌথভাবে টহল দেওয়ার প্রাথমিক পরিকল্পনাও হয়েছে।”
বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ বলেন, “বিএসএফ ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সীমান্ত সম্মেলনে বিজিবির সহায়তা চেয়েছিল। বিজিবি তাদের জানিয়েছে বাংলাদেশে কোন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নেই।”
সীমান্ত সম্মেলনে সীমান্তহত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে প্রতিশ্রুতি মিলেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “এখনও সীমান্তে হত্যা শূন্যে আনা সম্ভব হয়নি বলে প্রত্যেক সম্মেলনেই বিষয়টি নিয়ে আলোচনা হয়। মৃত্যুর বিষয়টিই এক নম্বর এজেন্ডা। তা শূন্যে নামিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।”
