চট্টগ্রামে গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত
বন্দর নগরীর লালদীঘি মাঠে গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এ কনফারেন্সের আয়োজন করে মুনিরীয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউছুর আজম দরবার শরিফের মোর্শেদ ছৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী বলেন, এ দরবারের প্রতিষ্ঠাতা ধর্ম, দেশ ও জাতির কল্যাণে পুরো জীবনটাই উৎসর্গ করেছেন।
“তার আহ্বানে ও ঐকান্তিক প্রচেষ্টায় অগণিত যুবক ফিরে এসেছে সত্য ও ন্যায়ের পথে। ধর্মীয় শিক্ষার প্রসারে তিনি দেশে-বিদেশে প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা, মসজিদ ও অসংখ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।”
বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন মোদারেছিনের মহাসচিব আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক সভাপতি ড. মুহাম্মদ আবুল মনছুর, চবির গণিত বিভাগের অধ্যাপক জালাল আহমদ, চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী প্রমুখ।
