চীনা পররাষ্ট্রমন্ত্রী সংলাপের কথা বলেননি: পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কথা বলেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদেরকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে তিনি এ ধরনের (সংলাপ নিয়ে) কোন কথা বলেননি।”
রোববার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় গিয়ে দেখা করেন প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ওই বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন,
“তিনি বলেছেন, চীন বিশ্বাস করে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতার ধরে রাখতে এবং স্থিতিশীলতা জন্য বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা প্রয়োজন।
“বড় দুটি দলের মধ্যে যে বিভাজন রয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমে তার সমাধান ও সমঝোতা খুঁজে পাওয়া যাবে বলে তারা আশা করছেন।”
তিন দিনের সফর শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকা ছাড়েন।
ওয়াং ই-এর সফরের বিষয়ে অবহিত করতে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান।
এ সময় বলেন, “তিনি আমাদের অতিথি। তিনি বাংলাদেশের যেকোনো নাগরিকের সঙ্গে দেখা করতে পারেন। তবে (খালেদার সঙ্গে বৈঠকে) তিনি যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আলোচনা করার কথা বলেছেন এবং শান্তিপূর্ণ বলতে তিনি অহিংস পথে সমাধান বোঝাতে চেয়েছেন।”
