২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনব্যাপী চলেছে বাংলালিংক বাংলাদেশ উৎসব

সঙ্গীত ও নৃত্য পরিবেশনের পাশাপাশি গ্রাম-বাংলার শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে দিনব্যাপী উদযাপন হয়েছে বাংলালিংক বাংলাদেশ উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2014, 06:56 PM

Updated : 13 Oct 2022, 12:57 PM

শুক্রবার সকাল ৯টায় থেকে শাহবাগের রমনা পার্কে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে জাতীয় সংগীত দিয়ে এই উৎসব শুরু হয়, যার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “গ্রাম বাংলার শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যকে শহরের মানুষের সামনে তুলে ধরতে এই অভিনব আয়োজন।”

বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক রমনা পার্কে দ্বিতীয়বারের মত এই উৎসবের আয়োজন করল।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ,  প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ, লেখক আনিসুল হক  এবং বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানও উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন বাংলালিংক চিফ ফিনান্সিয়াল অফিসার আহমাদ হালিম, চিফ টেকনিকাল অফিসার পেরিহান এলহামি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, হুয়ায়ই টেকনলোজিস বাংলাদেশ লিমিটেড চিফ কমার্শিয়াল অফিসার মি. লিজুন, অ্যাকাউন্ট ডিরেক্টর ওয়াং হুই এবং মার্কেটিং ও করপোরেট অ্যাফেআর্স ডিরেক্টর শাফায়াত আলম।

উদ্বোধনের পরে ‘কিংবদন্তীর মঞ্চ’ নামে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লালনের গান নিয়ে একটি পর্ব অনুষ্ঠিত হয়। একই মঞ্চে ভাওয়াইয়া, গম্ভীরা ও হাসন রাজার গান নিয়ে ‘লোক গানের রাজ্য’ নামে আরেকটি পর্ব অনুষ্ঠিত হয়।

এদিকে, গ্রামবাংলার চিরায়ত রূপকে ফুটিয়ে তুলতে রমনা লেকে তৈরি করা হয় খেয়াঘাট।

পুরো রমনা পার্ক জুড়ে চলেছে পুতুলনাচ, তাঁত-শিল্প প্রদর্শনী, ঢেঁকিতে ধান ছাঁটা, বায়োস্কোপ, বানর নাচ, গরুর গাড়ি প্রদর্শনী, কামার-কুমোরের তৈরি নিত্যপ্রয়োজনীয় অস্ত্রসামগ্রীর প্রদর্শনী, গ্রাম বাংলার বিয়ের উৎসব, জব্বারের বলীখেলা।

এছাড়া পাহাড়ি নাচের সঙ্গে ঢাক-ঢোলের বাদ্যির পাশাপাশি আয়োজন ছিল মুড়ি-মুড়কি আর নানারকম পিঠার।

সন্ধ্যার পর দেশের খ্যাতনামা ব্যান্ড দলগুলো মঞ্চে উঠে পরিবেশন করে জনপ্রিয় সব সংগীত।

আর ৪০ জন যন্ত্রসংগীত শিল্পী নিয়ে বিশেষ অর্কেস্ট্রার পরিবেশনা হিম রাতে রমনার দর্শকদের করে রেখেছিল মন্ত্রমুগ্ধ।  

লোকজ উৎসবের এই আয়োজনে মঞ্চে গান গেয়েছেন কনকচাঁপা, সামিনা চৌধুরী, এস আই টুটুল এবং পারভেজ। এছাড়া বাপ্পা মজুমদার, এলিটা করিম ও কোনাল একটি ফিউশন গান করেন।