২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক সংস্কারে আর অজুহাত নয়: কাদের

মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্প এলাকার সড়ক সংস্কারে এবার ১০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 03:20 PM

Updated : 25 Apr 2022, 05:08 PM

মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শন করে তিনি এ নির্দেশ দেন।

এর আগে সেপ্টেম্বরেও একবার বেহাল সড়ক সংস্কারে সময় বেঁধে দিয়েছিলেন মন্ত্রী। এরপর নামকাওয়াস্তে মেরামত করা হলেও সুফল পাওয়ার আগেই পূর্বের অবস্থায় ফিরে যায় তা।

মন্ত্রী বলেন, “প্রকল্প পরিচালক মোজাম্মেল হককে ১০ জানুয়ারির মধ্যে রাস্তা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে আমি আর কোনো অজুহাত শুনতে চাই না।”

নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্প এলাকার রাস্তাগুলো জরুরিভিত্তিতে মেরামতের জন্য গত ২০ অগাস্ট একটি কমিটি গঠন করেছিল মন্ত্রণালয়।

ওবায়দুল কাদের বলেন, “বার বার অভিযোগ আসায় আবার এখানে এসেছি। এখন ১৫ দিনের বেশি সময় দিয়েছি।”

এসময় ফ্লাইওভার এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, “ফ্লাইওভার নির্মাণের আগে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক করা উচিত। মিরপুর ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রে সেনাবাহিনী যে কাজটি করেছে।

২০১৫ সালের অক্টোবরে ফ্লাইওভারের মগবাজার অংশের এবং ১৫ ডিসেম্বরের মধ্যে পুরো নির্মাণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।