২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতি ফের নয়-ছয়ে ভাগাভাগি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টি পদ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক শিক্ষকরা ‘সমঝোতার’ মাধ্যমে ভাগ করে নেওয়ায় এবারো নির্বাচনের প্রয়োজন হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 02:54 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিনকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভাগাভাগিতে আওয়ামীপন্থিরা পেয়েছেন আগের মতোই নয়টি পদ।

আর সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী শিক্ষক সমাজ প্যানেলের প্রার্থী ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিএনপি সমর্থকরা পেয়েছেন বাকি ছয়টি পদ।

আগামী ৩১ ডিসেম্বর নির্বাচনের জন্য আওয়ামীপন্থি শিক্ষকরা দুটি ও বিএনপিপন্থি শিক্ষকরা একটি প্যানেল দিলেও সোমবার মনোনয়ন প্রত্যহারের শেষ দিন তিন প্যানেল থেকেই ‘অতিরিক্ত’ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালাম বলেন, “মনোনয়ন প্রত্যাহারের পর কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় রাতে ফল ঘোষণা করা হয়।”

সাবেক উপাচার্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে আন্দোলনের সময় বড় দুটি রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট শিক্ষকরা জোটবদ্ধ হয়ে শিক্ষক সমিতির ১৫টি পদ ভাগ করে নিয়েছিলেন।

আওয়ামীপন্থি প্যানেলের নেতা পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ ওই নির্বাচনে সভাপতি হন। সাধারণ সম্পাদক হিসাবে তার সঙ্গে ছিলেন বিএনপিপন্থি শিক্ষক নেতা দর্শন বিভাগের কামরুল হাসান।

এবারো সমঝোতার মাধ্যমে পদ ভাগাভাগির সেই পুরনো পথে হাঁটলেন রাজনৈতিক আদর্শে বিভাজিত দুই পক্ষের শিক্ষকরা।

নতুন সাধারণ সম্পাদক মাফরুহী সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ‘অতীত ঐতিহ্যের অংশ হিসেবে’ এ সমঝোতা হয়েছে।

“অধ্যাপক শরীফ এনামুল কবীর বিরোধী আন্দোলন ও আনোয়ার হোসেন বিরোধী আন্দোলনে যারা একসাথে কাজ করেছেন- তারাই পরে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে এই নির্বাচন হয়েছে।”

জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “আমারা একসাথে ছিলাম, আছি, থাকব। শিক্ষক সমিতি সবার প্রত্যাশা পূরণে কাজ করে যাবে।”

তবে দুই পক্ষের এই পদ ভাগাভাগির বিষয়টিকে ‘আঁতাত’ হিসাবে দেখছেন শিক্ষকদের একটি অংশ।   

বামপন্থি শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে এ ধরনের আঁতাতের নির্বাচন কখনোই কাম্য নয়। এভাবে আওয়ামী লীগ-বিএনপির ভাগাভাগির নির্বাচন বিশ্ববিদ্যালয়ের জন্য ভাল ফল বয়ে আনবে না।”

অবশ্য নতুন সভাপতি অধ্যাপক খবির উদ্দিন এই সমঝোতাকে ‘আঁতাত’ মানতে রাজি নন।

তিনি বলেন, “নির্বাচনে আতাঁতের প্রশ্নই ওঠে না। অতীতের ভুলগুলো সংশোধন করে বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত রাখতে সবাই যাতে একসাথে কাজ করতে পারে সেজন্য অন্য প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।”

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে নির্বাচিত অন্যরা হলেন- কোষাধ্যক্ষ পদে বাংলার অধ্যাপক এএসএম আবু দায়েন; নির্বাহী সদস্য পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক অসিত বরণ পাল, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এসএম বদিয়ার রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ ও মাইক্রোবায়োলজি বিভাগের মো. আনোয়ার খসরু পারভেজ।

জাতীয়তাবাদী শিক্ষক সমাজ থেকে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমুল আলম; যুগ্ম সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, গণিত বিভাগের অধ্যাপক মো. শরিফ উদ্দিন এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম।