২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’ শুরু বুধবার

সরকারের ডিজিটাল কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দেশব্যাপী শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 01:22 PM

Updated : 25 Apr 2022, 05:08 PM

বুধবার থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশের ৬৪ জেলায় এই মেলা হবে বলে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তথ্যসচিব মরতুজা আহমদ।

গণযোগাযোগ অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

সচিব বলেন, ২৪ ডিসেম্বর নরসিংদীতে এই মেলা হবে, পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও মেলা আয়োজন করা হবে।

প্রতি জেলায় তিন দিনব্যাপী মেলায় ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও ইনোভেশন বিষয়ক সেমিনার হবে।

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে মরতুজা বলেন, এতে ডিজিটাল কনটেন্ট ও ই-সেবা বিষয়ক স্টলও থাকবে।

এই মেলায় ডিজিটাল বাংলাদেশ ও ই-সেবা বিষয়ক সঙ্গীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন, পথনাটক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এছাড়া জেলা ইনোভেশন দলের সদস্যরা ডিজিটাল সেন্টার নির্মাণের জন্য তিনটি পুরস্কার নির্ধারণ করবেন।

আর জেলা প্রশাসনের নির্বাচনের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মাল্টিমিডিয়া শ্রেণিক্ষকের জন্য তিনটি পুরস্কার দেওয়া হবে।

তথ্যসচিব জানান, জেলা প্রশাসনের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যোগ্য পাঁচজন সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার জনপ্রতিনিধির জন্য একটি পুরস্কার এবং স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য অবদানের জন্য একটি ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হবে।

এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

২০১০ সাল থেকে সরকার ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করে আসছে।