২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআইজি রফিকুলকে দুদকের জিজ্ঞাসাবাদ

অবৈধ সম্পদের তদন্তে দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন পুলিশের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2014, 06:37 PM

Updated : 22 Aug 2022, 08:08 PM

পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ডিআইজি রফিকুল ইসলামকে রোববার বিকালে দুই ঘণ্টা সেগুন বাগিচায় কমিশনের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

১৯৮৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এই কর্মকর্তার ভূমি এবং নগদ অর্থ মিলিয়ে আয়ের সঙ্গে সঙ্গতিহীন প্রায় ১০০ কোটি টাকা সম্পদ থাকার অভিযোগ পেয়ে তার তদন্তে তাকে তলব করা হয়েছিল।

তবে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসার সময় পুলিশের উপমহাপরিদর্শক রফিকুল অবৈধ সম্পদ থাকার বিষয়টি নাকচ করে সাংবাদিকদের বলেন, “এসব ডাহা মিথ্যা কথা। তদন্তের পর সত্য বেরিয়ে আসবে।”

দুদকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার যাত্রাবাড়ীতে ডিআইজি রফিকুলের তিনটি বাড়ি, গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন দাগে ৫০০ শতাংশ জমি এবং তার স্ত্রীর নামে ৮ বিঘা জমি থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়াও এই পুলিশ কর্মকর্তা প্রায় ২০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

তিনি জানান, গত ১৪ ডিসেম্বর কমিশনের নিয়মিত বৈঠকে এই পুলিশ কর্মকর্তার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে রোববার তাকে কমিশনে হাজির হতে গত ১৭ ডিসেম্বর চিঠি দেওয়া হয়।