২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জমি বিরোধে কৃষক খুন

নওগাঁর রাণীনগরে এক শতক জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2014, 06:45 PM

Updated : 22 Aug 2022, 08:07 PM

শনিবার বেলা ১১ টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গোলাম রাব্বানী (৪০) উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত কছির আলীর ছেলে।

রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাউসুদ চৌধুরী জানান, গোলাম রাব্বানীর সঙ্গে প্রতিবেশী রহমত প্রামানিকের তিন বছর ধরে এক শতক জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরে শুক্রবার সন্ধ্যায় রাব্বানী বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রহমত প্রামানিকের নেতৃত্বে তার লোকজন লাঠি সোটা নিয়ে রাব্বানীর উপর হামলা চালায়। এতে রাব্বানী, তার ছেলে ইশতেয়াক, শাকিলসহ চার জন আহত হন।

গুরুতর আহত রাব্বানীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।

নওগাঁ সদর মডেল থানা ওসি জাকিরুল ইসলাম জানান,  ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে রাব্বনীর লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।