ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
বরিশাল নগরীতে শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন, আহত হন তার স্ত্রী।
বরিশাল বিমানবন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, নিহত জুয়েল মুন্সী (৩৫) বরিশাল জেলা পুলিশের সদস্য ছিলেন।
তবে, তিনি ডেপুটেশনে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুলে শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠীর কাঠালিয়া গ্রামে।
ওসি শাহিদুজ্জামান আরও জানান, বরিশাল শহরের গড়িয়ারপাড় এলাকা থেকে জুয়েল স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে নগরীর বাঁধ রোড়স্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের উদ্দেশে রওয়ানা করেন।
পথে কাশীপুর বাজার এলাকায় সড়কে থাকা 'গতিরোধক' অতিক্রমকালে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই দম্পতি রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল জুয়েল মুন্সীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান ওসি।
