চট্টগ্রামে অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়ায় স্বামী-স্ত্রীসহ চারজনকে দুটি এলজিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তাদের তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রসূলবাগ থেকে অস্ত্র ব্যবসায়ী ইয়াকুবকে (৩৮) এবং তার তথ্যমতে সীতাকুণ্ডের ইমরান হোসেন মানিককে (২৩) নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আমানত সেতু এলাকায় নিয়মিত তল্লাশিতে আজিজ ও তার স্ত্রীর কাছ থেকে দুটি এলজি পাওয়া যায়।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় বাকলিয়ার ইয়াকুবের কাছে এসব অস্ত্র কক্সবাজারের মহেশখালী থেকে নিয়ে আসে।
তাদের দেওয়া তথ্যে রসূলবাগ থেকে ইয়াকুবকে ধরা হয় জানিয়ে ওসি মহসিন বলেন, এসব অস্ত্রের ক্রেতা ছিল সীতাকুণ্ডের মানিক। কৌশলে তাকে নগরীর জিইসি মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
ইয়াকুবের বিরুদ্ধে নগরীর কয়েকটি থানায় ছিনতাই মামলা রয়েছে। আর মানিক সীতাকুণ্ড এলাকায় গত বছরের বিভিন্ন সময়ে নাশকতার বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিল।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
