২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় বেলায় খালেদাকে দেওয়া গাছ দেখে এলেন মজীনা

দুই বছর আগে খালেদা জিয়াকে একটি গাছ উপহার দিয়েছিলেন ড্যান মজীনা, রাষ্ট্রদূত হিসেবে বিদায় নেওয়ার আগে তা দেখে এসেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 10:07 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

ঢাকায় যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মজীনা বুধবার বিকালে স্ত্রীকে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে যান। এটা ছিল তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎ।

খালেদার সঙ্গে বৈঠকের পর মজীনা যান বাগানে, সেখানে টবে লাগানো একটি গাছ দেখে আসেন তিনি।

বিএনপি নেতারা জানিয়েছেন, দুই বছর আগে খালেদা জিয়াকে একটি গাছের চারা দিয়েছিলেন রাষ্ট্রদূত। টবে লাগানো ওই চারা থেকে সম্প্রতি দুটি গাছ জন্মেছে। তাই দেখে এসেছেন মজীনা।

মজীনা যখন চারাটি দিয়েছিলেন খালেদাকে, তখন তিনি বিরোধীদলীয় নেতা। ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে দুই যুগ পর প্রটোকল হারিয়ে তিনি এখন শুধু বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করার দিনই গুলশানে রওশন এরশাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন মজীনা। বিএনপিবিহীন দশম সংসদে রওশন এখন বিরোধীদলীয় নেতা। 

তিন বছরে কার্যকাল শেষে কিছুদিনের মধ্যে বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন মজীনা। তার উত্তরসূরি হিসেবে মনোনীত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট আগামী জানুয়ারিতে ঢাকায় আসছেন।

বাংলাদেশ নিয়ে উচ্ছ্বসিত মজীনা জানান, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে ফিরে গেলেও বাংলাদেশে আগামী বছরই আসবেন তিনি।  

“বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ জায়গা। এদেশের মানুষও খুব ভালো, ভেরি স্পেশাল। আমি বিদায় বলব না, বরঞ্চ বলব, আবার দেখা হবে। আমি আগামী বছর বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গীত উৎসবে যোগ দিতে এদেশে আসব।”

পুরনো খবর:

সম্পর্ক এখন সবচেয়ে শক্তিশালী: মজীনা