চট্টগ্রামে গুলি চালিয়ে কনস্টেবল গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশ কনস্টেবলের ছোড়া গুলিতে এক পথচারী আহত হয়েছে।
গুলিবিদ্ধ মোহাব্বত সিদ্দিকী (২২) হাটহাজারী মাদ্রাসার তাফসির বিভাগের ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি আ ফ ম নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে হাটহাজারী মাদ্রাসার সামনে এ ঘটনায় জড়িত হাটহাজারী থানার কনস্টেবল রুমন মিয়াজীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পর রাতে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় আধঘণ্টা ধরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঙ্কজ বড়ুয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, গুলিবিদ্ধ মোহাব্বতের অবস্থা আশঙ্কামুক্ত। তার চিকিৎসা চলছে।
এদিকে সহপাঠী গুলিবিদ্ধ হওয়ার খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাটহাজারী মাদ্রাসা থেকে বেড়িয়ে রাত ৯টা পর্যন্ত প্রায় আধঘণ্টা ধরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে হাটাহাজারী মাদ্রাসার ভেতরে কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠক চলছিল বলে জানান এএসপি নিজাম।
