নাটোরে কৃষক খুন, যুবক আটক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সোমবার রাতে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, হত্যা করে পালানোর সময় স্থানীয়রা এক যুবককে আটক করেছে।
আটক রবিউল ইসলাম (৩২) একই গ্রামের ইরন আলী মণ্ডলের ছেলে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক আব্দুল জলিল জানান, আকবর আলী মণ্ডল ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়েছিলেন।
রাত ১টার দিকে আকবর আলী প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে গেলে রবিউল ইসলাম তাদের ঘরে ঢোকেন। তিনি আঞ্জুয়ারার গলায় ছুরি ধরে টাকাপয়সা ও জিনিসপত্র বের করে দেওয়ার চাপ দেন।
এ সময় আকবর আলী ঘরে ফিরে এলে রবিউলের সঙ্গে তার ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। এক পর্যায়ে রবিউল তার হাতে থাকা ছুরি দিয়ে আকবর আলীকে হত্যা করে।
এদিকে ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন ওই বাড়িটি ঘিরে ফেলে আঞ্জুয়ারাকে আহত অবস্থায় উদ্ধার করেন।
এছাড়া ঘটনাস্থল থেকে পালানোর সময় রবিউলকে ছুরিসহ হাতেনাতে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় আকবর আলীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় রবিউলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রবিউলকে এর আগে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলেও জানান ওসি।
