চালকের তন্দ্রাই চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনার কারণ: প্রতিবেদন
চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণেই চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনা হয়েছে বলে ঘটনা তদন্তে গঠিত দুটি কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লাইনের শেষে ট্রেন প্রটেকশন মার্ক (রেল লাইনের শেষ সীমানা ওয়াল) না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলেও একটি প্রতিবেদনে বলা হয়।
সোমবার বিভাগীয় পর্যায়ে ও রোববার সদর দপ্তর থেকে গঠিত দুই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন।
গত বুধবার ঢাকায় রওনা হওয়ার আগে যাত্রী নিতে চট্টগ্রাম স্টেশনে ঢুকেই দুর্ঘটনায় পড়ে মহানগর প্রভাতী। শান্টিং ইয়ার্ড থেকে স্টেশনে ঢুকে নির্ধারিত জায়গায় না থেমে শেষ সীমা পেরিয়ে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি প্ল্যাটফর্মে ঢুকে পড়ে।
এরপরই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন এবং ওই শান্টিং ইঞ্জিনের লোকো মাস্টার (চালক) এ কে এম জহুরুল হক, সহকারী লোকো মাস্টার ইমরান হোসেন ও পয়েন্টস ম্যান মো. জাহাঙ্গীরকে সাময়িক বহিষ্কার করা হয়।
বিভাগীয় পর্যায়ে করা তদন্ত কমিটির প্রধান ও পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি স্টেশনে ঢোকার সময় দুজন চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় এ দুর্ঘটনা হয়েছে বলে প্রমাণ মিলেছে।
এছাড়া তদন্ত কমিটির কাছে তারা দুজন দোষ স্বীকার করেছেন বলেও জানান তিনি। প্রতিবেদনে দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করারও সুপারিশ করা হয়েছে।
ডিটিও ফিরোজ ইফতেখারকে প্রধান করে করা বিভাগীয় পর্যায়ের কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাইফুল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী সমীক শাওন ও বিভাগীয় প্রকৌশলী (১)।
এদিকে সদর দপ্তর থেকে করা কমিটিও চালকের তন্দ্রাচ্ছন্নতার বিষয়টি উল্লেখ করেছেন।
ফাইল ছবি
তিনি জানান, “চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আমরা তদন্ত রিপোর্টে উল্ল্যেখ করেছি।”
এছাড়া লাইনের শেষে ট্রেন প্রটেকশন মার্ক মজবুত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো বলেও তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে বলে জানান এই কর্মকর্তা।
অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রাশেদা সুলতানা গণি জানান, রোববার পূর্ব রেলে মহাব্যবস্থাপককে এই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
এই কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী আহামেদ মাহবুব চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংকেত ও টেলি কমিউনিকেশন) মো. মাঈনুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রধান প্রকৌশলী (সেতু) মফিজুর রহমান।
