শাবি খোলার দাবি শিক্ষক সমিতির
ছাত্রলীগের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।
সোমবার সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়েছে, শিক্ষক সমিতির কার্যকরী কমিটির এক সভায় তিনটি দাবি কার্যকরের জন্য কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয় শীঘ্রই খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক, ২০ নভেম্বর ঘটনার পুংখানুপুংখ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ যথাযথভাবে স্বাভাবিক করার ব্যবস্থা গ্রহণ করা হোক।
আধিপত্য বিস্তার নিয়ে গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
সংঘর্ষে নিহত সুমন চন্দ্র দাস সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র। ওই সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
শিক্ষার্থীদের মানববন্ধন
বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে -অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে রাখতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সৃষ্ট সেশনজট কমাতে ‘শর্ট সেমিস্টার’ চালু করতে হবে, প্রয়োজনবোধে সাপ্তাহিক ছুটি একদিনে কমিয়ে আনতে হবে, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যথাযথ সময়ে ফলাফল প্রকাশ করতে হবে।
পরে মানববন্ধন শেষে উপাচার্য বরাবর শিক্ষার্থীদের গণস্বাক্ষরযুক্ত স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
