২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্রবধূ হত্যা মামলায় টিপু সুলতান ও স্ত্রীর জামিন বাড়ল

শামারুখ মাহজাবিন হত্যা মামলায় ঢাকার জজ আদালত থেকেও জামিন পেলেন তার শ্বশুর যশোরের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও শাশুড়ি জেসমিন আরা বেগম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 05:28 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

হাই কোর্টের জামিনের মেয়াদ শেষে রোববার তারা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেন। 

বিচারক রুহুল আমিন ৫০ হাজার টাকার মুচলেকায় তাদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন বলে তাদের অন্যতম আইনজীবী আবুল কালাম আজাদ জানান।

হাই কোর্ট গত ১৬ নভেম্বর এই দম্পতিকে চার সপ্তাহের জামিন দিয়েছিল।

গত ১৩ নভেম্বর টিপু সুলতানের ধানমণ্ডির বাসভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শামারুখকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামারুখের বাবা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সাবেক প্রকৌশলী নূরুল ইসলাম ওইদিনই অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে।

তিনি ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে শামারুখের স্বামী হুমায়ূন সুলতান সাদাব, তার বাবা আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ (যশোর-৫) টিপু সুলতান ও তার স্ত্রী জেসমিনকে আসামি করা হয়। 

ওই রাতেই সাদাবকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও (রিমান্ড) নেওয়া হয়। তবে টিপু সুলতান ও তার স্ত্রী উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিন নেন।

শামারুখের লাশের প্রথম ময়না তদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৩ নভেম্বর প্রকাশিত ময়না তদন্ত রিপোর্টে এটি আত্মহত্যা বলে জানানো হয়।

ওই প্রতিবেদন নিয়ে আপত্তি তুলে শামারুখের বাবা আদালতে গেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশকুমার সাহা লাশ উত্তোলন করে আবার ময়না তদন্তের নির্দেশ দেন যশোরের সিভিল সার্জনকে।

সে অনুযায়ী গত ১ ডিসেম্বর শামারুখের লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হলেও গত ১৪ দিনে তার প্রতিবেদন পাওয়া যায়নি।

শামারুখ ছিলেন হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। তার শ্বাশুড়ি জেসমিন আরা ওই মেডিকেলেরই গাইনি বিভাগের অধ্যাপক।