রাবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।
সকাল সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার মু. এন্তাজুল হক, প্রক্টর তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর শহীদ স্মৃতি সংগ্রহশালার পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি, হল প্রশাসন ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শহীদ মিনার ছাড়াও বিশ্ববিদ্যালয় গণকবর স্মৃতিস্তম্ভ, লাইব্রেরি চত্বরে স্থাপিত তিন শিক্ষক অধ্যাপক হবিবুর রহমান, অধ্যাপক মীর আব্দুল কাইয়ূম ও অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বলেও তিনি জানান।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে। এই হত্যাকণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় নয় শুধু ডিসেম্বরে, বিজয় আসুক সবার অন্তরে’ শিরোনামে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক দেবশ্রী মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, নাটক, পথনাটক, আবৃত্তিসহ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর ও নাট্যকলা বিভাগ রোববার বিকাল ৫টায় পুরাতন ফোকলোর চত্বরে এক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রহমান রাজুর গ্রন্থনা ও একই বিভাগের শিক্ষক আরিফ হায়দারের নির্দেশনায় ‘আলো ছায়া-১৪’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
