টাঙ্গাইলে ডাকাতি, মারধরে নিহত এক
টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির পর এলাকাবাসীর পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মির্জাপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, শনিবার রাতে বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া ও আনাইলবাড়ি গ্রামে ডাকাতি হয়।
ডাকাতরা পালানোর সময় জুয়েল নামের ওই ব্যক্তিকে ধরে স্থানীয়রা মারধর করে। আহত অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি রশিদ জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ১৫/১৬ জনের একদন ডাকাতদল প্রথমে আনাইলবাড়ি গ্রামের মো. শওকত হোসেনের বাড়িতে ঢোকে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৭০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।
এরপর রাত দেড়টার দিকে ডাকাতদল পাশের মন্দিরাপাড়া গ্রামের প্রবাসী আব্দুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে দুই লাখ ২০ হাজার টাকা, ৭৫ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।
ডাকাতির ঘটনা বুঝতে পেরে গ্রামের একটি পালাগান থেকে বাড়িমুখী লোকজন ডাকাতদলকে ধাওয়া করে এবং জুয়েলকে ধরে মারধর করে।
ওসি বলেন, খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় পুলিশের কাছে জুয়েল তার পরিচয় জানায়। পরে অবস্থার অবনতি হলে রোববার ভোরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
