২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

বাংলার বিজয়ের ঊষালগ্নে পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় এ দেশের যে মেধাবী সন্তানদের হত্যা করেছিল, সেই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে দেশবাসী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 09:29 AM

Updated : 13 Oct 2022, 12:55 PM

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

একই সময়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের শহীদ বেদী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে উঠেতে থাকে।   

নানা বয়সের হাজারো মানুষ জড়ো হয়েছেন মিরপুর আর রায়েরবাজার স্মৃতিসৌধে।তাদের হাতে জাতীয় পাতাকা, আর  কণ্ঠে যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নের দাবি। 

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে। এই হত্যাকণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যরা।

পরে শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে।

পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটায়, যার উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্গঠন বাধাগ্রস্ত করা।

আর সেই বর্বর হত্যাযজ্ঞের পরিকল্পনা ও বাস্তবায়নে মূল ভূমিকা রাখে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামী; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত আসা যুদ্ধাপরাধ মামলার বিভিন্ন রায়েও এ বিষয়টি উঠে এসেছে।

বুদ্ধিজীবী গণহত্যায় সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল এ পর্যন্ত চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যার মধ্যে জামায়াত আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে বিগত বিএনপি সরকারের সময়ে মন্ত্রিত্বও দেওয়া হয়েছিল। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকাল ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির পর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। তিন বাহিন প্রধান, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেন।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহাবুব-উল-আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, আব্দুল মতিন খসরু, ইকবালুর রহিমসহ দলীয় নেতারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের পক্ষ থেকেও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।

পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ ছাত্রলীগ ও বিভিন্ন শাখার পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

আর বিএনপি সকাল ১০টার দিকে খালেদা জিয়ার নেতৃত্বে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ফটক সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য  খুলে দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে দিয়ে যায় শ্রদ্ধার ফুল।

রায়েরবাজার বধ্যভূমিতে প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন কয়েকটি সংগঠন। এরপর সকাল সাড়ে ৭টার পর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন শুরু করেন।

এক পর্যায়ে রায়েরবাজার স্মৃতিসৌধ মুখরিত হয়ে ওঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায়। অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে আসেন।

একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যা করে এই বধ্যভূমিতে যেভাবে ফেলে রেখে যাওয়া হয়েছিল- অভিনয়ের মাধ্যমে মূলবেদীর পাশে সেই দৃশ্যের রচনা করে কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্যরা।

খোলা একটি জায়গায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ বুদ্ধিজীবীদের ছবি। সেখানেও অনেককে শ্রদ্ধা জানাতে দেখা যায়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন শহীদ সন্তানদের।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, জাতিকে মেধাহীন করাই ছিল পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের উদ্দেশ্য।

“বুদ্ধিজীবীদের আত্মত্যাগের পথ বেয়ে বাংলাদেশ জ্ঞানভিত্তিক, প্রজ্ঞাময় সুখী ও সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হোক, শহিদ বুদ্ধিজীবী দিবসে এ প্রত্যাশা করি।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধীরা পরাজয়ের প্রতিশোধ নেয়। তাদের সেই প্রতিশোধ স্পৃহা আজও থেমে নেই।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “ইতোমধ্যে এ বিচারের কয়েকটি রায় কার্যকর হয়েছে। বাকি সকল রায় কার্যকর করা হবে। কোনো ষড়যন্ত্রই জাতিকে এ পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

“এই কুখ্যাত মানবতাবিরোধীদের যারা রক্ষার অপচেষ্টা করছে তাদেরও একদিন বিচারের আওতায় আনা হবে। এসব রায় বাস্তবায়ন করার মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হবে।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে। এর মধ্যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।