ফটিকছড়িতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের ফটিকছড়ি থানার বারৈয়ারহাট এলাকায় ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ছয় জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনায় নিহত সাদা মিয়ার (২৮)বাড়ি গাইবান্ধায় বলে জানালেও তার ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে পারেনি পুলিশ।
ফটিকছড়ি থানার ওসি মো. মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বারৈয়ারহাট এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। কয়েকজন আহত হয়েছেন।”
ট্রাকটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় আহতরা হলেন- রুবেল(১৩), রোকন উদ্দিন (২৭), সেলিম (২৫), জুয়েল (১৮), ইসমাইল (১৩) ও ফিরোজা বেগম (৪৮)।
আহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানালেও তাদেরও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
