শিশুর রঙ-তুলিতে মুক্তিযুদ্ধ, দেশ
ফুলের গায়ে রঙিন প্রজাপতির আয়েশি বিচরণ, ঝুম বৃষ্টিতে নুয়ে পড়া বন, মিষ্টি রোদ মুখে নতুন সূর্যের আগমন; এসবের পাশাপাশি মুক্তিযুদ্ধের রণক্ষেত্র, অস্ত্র হাতে বাঙালি, শত্রুর সাজোয়াযানসহ ব্রিজ উড়িয়ে দেওয়ার বীরত্বও উঠে এসেছে রঙ-তুলিতে।
বিজয় দিবস উপলক্ষে শিশুদের সাংস্কৃতিক স্কুল ‘বাতিঘর’ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারা দেশ থেকে আসা তিন শতাধিক শিশু এঁকেছে এসব ছবি। অঙ্কনের বিষয়বস্তু ছিল দেশের প্রকৃতি ও মুক্তিযুদ্ধ।
বৃহস্পতিবার ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শিশুদের আঁকা নির্বাচিত ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়।
শহীদ জায়া শ্যামলী নাসরিন, প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, অভিনেতা আফজাল হোসেন, কবি অসীম সাহা, বিপ্লব বালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে তামান্না সেতু বলেন, পরশমনি শিশুরা নিজের মতো করে ছবিগুলো এঁকেছে। প্রদর্শনীতে যা আছে তা একান্তই তাদের ভাবনা।
শ্যামলী নাসরিন বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে এমন একটি শ্রেণি রয়েছে যারা শিশুদের মনে নাচ, গান ও শিল্প সংস্কৃতির প্রতি বিদ্বেষ তৈরি করে। শিল্প-সৌন্দর্যের প্রতি বিরাগ তারা। এমন ভয়াবহ বাস্তবতা থেকে শিশুদের রক্ষা করতে বাতিঘরের মতো প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন।”
শিশুকাল থেকে সন্তানকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদের আহ্বান জানান তিনি।
মোস্তফা জব্বার বলেন, “বই-খাতা, কাগজ দিয়ে লেখাপড়ার দিন শেষ হয়ে যাচ্ছে। এখনকার শিশুরা ভার্চুয়াল জগতের সঙ্গে খুব বেশি পরিচিত। তাই ভার্চুয়াল পদ্ধতিতে আমাদের শিশুদের কাছে আমাদের দেশ, ভাষা, হরফ তুলে ধরতে হবে।”
প্রতিযোগিতা ও প্রদর্শনীর তদারকি করেছেন বাতিঘরের উপদেষ্টা চিত্রশিল্পী হাশেম খান। সারা দেশ থেকে তিনশরও বেশি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। বাছাই করা ৫০টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান দেওয়া হয়েছে।
শুক্রবারও প্রদশর্নী চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এই বিভাগে সুন্দর ছবির জন্য বেশ কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়, যাদের মধ্যে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নিনিদও রয়েছে।
খ বিভাগে (চতুর্থ থেকে সপ্তম শ্রেণি) আসতি প্রথম, সুরাইয়া দ্বিতীয় এবং মাহি রহমান ধ্রুব তৃতীয় পুরস্কার পায়।
গ বিভাগে (অষ্টম থেকে দশম শ্রেণি) প্রথম হয় সুপ্রভা, দ্বিতীয় হয় সানি এবং তৃতীয় হয় সুমাইয়া।
