চট্টগ্রামে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিকসহ ৫ জনকে ঢাকায় স্থানান্তর
জঙ্গি সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
"আগামী ১৪ ডিসেম্বর ঢাকার একটি মামলায় তাদের আদালতে হাজিরা রয়েছে। এ কারণেই তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।"
গত ২৩ নভেম্বর চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার ‘হোটেল লর্ডস ইন’ থেকে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলমসহ আব্দুল মজিদ, মো. আমিন, মো. সফিউল্লাহ ও মো. ছালামত উল্লাহ নামে ওই পাঁচজনকে জঙ্গি সন্দেহে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
দুই দফায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার মোহাম্মদ আলম ছাড়া অন্যদের জামিন দেয় চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রামে জামিন হলেও ঢাকার মামলায় জামিন না হওয়ায় তাদের কেউ কারাগার থেকে ছাড়া পাননি।
এই পাঁচজনের মধ্যে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক। সংগঠনটির সদর দপ্তর নেদারল্যান্ডসে।
আর সফিউল্লাহ (৩৮) নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। চলতি বছরের ২৩ মার্চ হওয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি।
রোহিঙ্গাদের জঙ্গি সংসঠন আরএসও’র সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে সফিউল্লাহ ও ছালামত উল্লাহর বিরুদ্ধে।
