বরিশালে ওসির বিরুদ্ধে মামলা
ঘুষ গ্রহণ ও আটক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগে বরিশালের হিজলা থানার ওসির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বুধবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের বিশেষ আদালতে মামলাটি দায়ের করেন হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার।
আদালতের অবকাশকালীন বিচারক মজিবুর রহমান অভিযোগ আমলে দিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন জানান, হিজলার একটি হত্যা মামলার আসামি নজরুল ইসলাম নামের এক ব্যক্তি।
গত ১১ নভেম্বর ওই মামলায় আদালতে আত্মসমর্পন করলে নজরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
তবে গত ২৪ নভেম্বর বিবাদীরা নজরুলের মা আনোয়ারা বেগমকে থানায় ডেকে তার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন।
টাকা না দিলে তার ছেলেকে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেন তারা।
পরদিন আনোয়ারা বেগম নগদ ৩৫ হাজার টাকা ওসি শওকত আনোয়ারকে দেন।
কিন্তু দাবিকৃত ১ লাখ টাকা না পেয়ে নজরুলকে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
রিমান্ডে ওসি শওকত আনোয়ার নজরুলের উপর নির্যাতন চালান বলে এজাহারে উল্লেখ করা হয়।
