২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালিম আজাদকে বরখাস্তের দাবি  

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সমাবেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ তুলে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-বার্তা প্রধান ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদকে বরখাস্তের দাবি জানিয়েছে কয়েকটি ব্যবসায়ী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 07:01 PM

Updated : 26 Jul 2022, 12:46 PM

এই দাবিতে দুই ঘণ্টা নগরীর দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাষাঢ়া শহীদ মিনারে এই সমাবেশ হয়।

এদিকে হালিম আজাদ অভিযোগ অস্বীকার করেছেন।

বিকেএমইএর সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি একেএম সেলিম ওসমান, বিকেএমইএ সিনিয়র সহ-সভাপতি এএইচ আসলাম সানি, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল প্রমুখ।

সমাবেশে সেলিম ওসমান বলেন, ছেলে ত্বকীর হত্যার পর রফিউর রাব্বি প্রথম অভিযোগ করেন- জামায়াত-শিবির তার ছেলেকে হত্যা করেছে। এরপর অভিযোগ করলেন শামীম ওসমান ও তার ছেলে ত্বকীকে হত্যা করেছেন। এরপর অভিযোগ করেন, নাসিম ওসমান ও তার ছেলে ত্বকীকে হত্যা করেছেন।

যারা ওসমান পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করে তারা নারায়ণগঞ্জের শত্রু বলে দাবি করেন সেলিম ওসমান।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তিকারীর সরকারি প্রতিষ্ঠানে কাজ করার কোনো অধিকার নেই উল্লেখ করে তিনি হালিম আজাদকে বরখাস্ত করার দাবি জানান।

 হালিম আজাদকে বক্তব্য প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সেলিম ওসমান বলেন, এই সময়ের মধ্যে সরকারের কাছে ক্ষমা প্রার্থনা না করলে তার বিরুদ্ধে শত শত মামলা করা হবে।

সমাবেশ শেষে ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।

হালিম আজাদের অস্বীকার

হালিম আজাদ তার বিরুদ্ধে তোলা অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য এসব কর্মসূচি পালন করা হয়েছে। মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করে কিছু ব্যবসায়ী ও এক শ্রেণির শ্রমিককে নিয়ে পালিত এসব কর্মসূচির নিন্দা করেন তিনি।

সেদিন তাদের ত্বকী মঞ্চের সমাবেশে ত্বকী হত্যাকারী খুনিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া হয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কটূক্তি বা সমালোচনা করা হয়নি বলে দাবি করেন আজাদ।

ত্বকী মঞ্চের বিবৃতি

ত্বকী হত্যার দৃষ্টি অন্যদিকে ঘোরাতে প্রধানমন্ত্রীকে ওসমান পরিবারের ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

বুধবার মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি ও সংগঠনের সদস্য সচিব ও হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর শুক্রবার ত্বকী মঞ্চের সমাবেশ নিয়ে তারা একটি ধূম্রজাল সৃষ্টি করে মূল বিষয়টিকে ভিন্নদিকে প্রবাহিত করে ত্বকী হত্যায় দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল নিয়েছে।

“এক্ষেত্রে প্রধানমন্ত্রীকে তারা ঢাল হিসেবে ব্যবহারের অপকৌশল গ্রহণ করেছে।”

তারা বলছে, ত্বকী মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে, প্রধনমন্ত্রীর উদ্দেশে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে ইত্যাদি।

প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে ত্বকী মঞ্চ থেকে কী বলা হয়েছে তার ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে। ত্বকী মঞ্চ কোনো রাজনৈতিক সংগঠন নয়। কাউকে ক্ষমতাচ্যুত করা বা কাউকে ক্ষমতায় বসানো ত্বকী মঞ্চের উদ্দেশ্য বা কাজ নয়।

গত বছরের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী নিখোঁজ হয় এবং এর দুই দিন পর শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়।

ওই রাতেই নারায়ণগঞ্জ থানায় কারও নাম উল্লেখ না করে ত্বকীর বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ১৮ মার্চ ২০১৩ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার কাছে শামীম ওসমানসহ সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮/১০ জন হত্যাকাণ্ডে জড়িত বলে অবগতিপত্র দেওয়া হয়। 

এ মামলার অভিযোগপত্র এখনও দেওয়া হয়নি।