সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার নিয়ে জনসচেতনতার লক্ষ্য
দেশে বিদ্যুতের উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিতরণ ব্যবস্থায় উন্নতি হলেও সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে জনসচেতনা ‘কাঙ্খিত হারে’ অর্জিত হয়নি বলে মনে করেন বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে লক্ষণীয় উন্নতি হলেও বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে জনসচেতনা কাঙ্খিত হারে অর্জিত হয়নি।
“ভবিষ্যৎ প্রজন্মকে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যব্হার সম্পর্কে সচেতন করা, গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের অন্যতম উদ্যেশ্য।”
‘জ্বলছে আলো, চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শ্লোগান নিয়ে গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘বিদ্যুৎ সপ্তাহ’। এ উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলায় বিদ্যুৎ মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
অনুষ্ঠানে বিদ্যুৎ খাতে বিভিন্ন বিষয়ে উৎসাহ সৃষ্টির জন্য নয়টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি।
ফাইল ছবি
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এবার বিদ্যুৎ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান নসরুল হামিদ।
“মেলায় সচেতনা সৃষ্টির মাধ্যমে গ্রাহকদের বকেয়া পরিশোধেও উৎসাহিত করা হবে,” বলেন তিনি।
