২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণমাধ্যমের স্বাধীনতার নামে মালিকদের স্বাধীনতার চর্চা হয়’

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে অবস্থান জানিয়ে এর অপব্যবহারের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 11:56 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার নামে অনেক ক্ষেত্রে গণমাধ্যম মালিকদের স্বাধীনতার চর্চা হয় মন্তব্য করে এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি।

আবার স্বাধীনতার নামে অনেক সময় অনধিকার চর্চা হয় বলেও মন্তব্য করেন তিনি।

“কোনো ধর্ম, গোষ্ঠী, সম্প্রদায়কে আঘাত করার অধিকার আমাদের কারো নেই। বিভিন্ন সময় এই কাজে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। এটাকে ফ্রিডম অব এক্সপ্রেশনের আওতায় ফেলা যায় না। সাংবাদিকদের এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে,” বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার ধানমণ্ডির দৃক গ্যালারিতে টিআইবির ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার’ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “মত প্রকাশের স্বাধীনতার ওপর বাধা দেওয়া সরকার কিংবা অন্য কারোরই উচিত নয়। এ নিয়ে সরকারের কিছু কিছু কাজের সমালোচনাও মানতে রাজি আছি। যেই সমাজে ফ্রিডম অব এক্সপেশনকে বাধা দেওয়া হয়, সেই সমাজ কখনো উন্নতি লাভ করতে পারে না।”

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘বাংলাদেশে সাংবাদিকতার সাম্প্রতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল।

আলোচনায় অংশ নেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা সম্পাদক খালেদ মুহীউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভী, একাত্তর টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমিন ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক আলমগীর স্বপন।

রোবায়েত ফেরদৌস বলেন, “গণমাধ্যম সমাজের সব স্তর ও শ্রেণির প্রতিনিধিত্ব করার কথা। কিন্তু বাস্তবিক অর্থে এগুলো এখনো সমাজের ধনিক শ্রেণি, শহুরে জনগোষ্ঠী, পুরুষ সমাজ ও প্রভাবশালী মহলের অভিমুখী। এটা গণমাধ্যমের বৈশিষ্ট্যের সঙ্গে সাংঘর্ষিক।”

অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ বছর প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার তিনজন প্রতিবেদক ও তিনজন ক্যামেরাপারসনকে পুরস্কৃত করে টিআইবি।

স্বাস্থ্য সেবার অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন করে প্রিন্ট মিডিয়ায় অঞ্চলিক বিভাগে পুরস্কার পেয়েছেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নিজস্ব প্রতিবেদক এইচ এম আলাউদ্দিন।

ঠিকানা জালিয়াতি করে পুলিশ বিভাগে এক হাজার কনস্টেবল নিয়োগ নিয়ে একটি প্রতিবেদনের জন্য জাতীয় বিভাগে দৈনিক প্রথম আলোর প্রতিবেদক অরূপ রায়কে পুরস্কার দেওয়া হয়।

‘পুঁজি ছাড়া রুজি’ শিরোনামে রাজপথে বিভিন্ন আন্দোলনে অংশ নেওয়া ভুয়া সংগঠনের খবর দিয়ে ইলেক্ট্রনিক মিডিয়া বিভাগে পুরস্কার পেয়েছেন এসএ টিভির প্রতিবেদক সাজ্জাদ পারভেজ, যিনি বর্তমানে যমুনা টেলিভিশনে কাজ করছেন।

এসএ টিভির ওই প্রতিবেদন তৈরিতে সহযোগিতার জন্য প্রতিবেদন চিত্রধারণ বিভাগে পুরস্কার দেওয়া হয় কামরুল হাসান সেলিম, আব্দুল্লাহ আল মামুন ও সালাউদ্দিন তারেককে।

পুরস্কার হিসেবে প্রতিবেদকদের ক্রেস্ট ও সনদ ছাড়াও নগদ ৮০ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া তিন ক্যামেরাপারসনকে ক্রেস্ট-সনদ ছাড়াও নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়।