২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৩তম মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর। একাত্তরের এইদিনে খুলনার রূপসা নদীতে একটি যুদ্ধজাহাজে থাকাকালে শত্রুপক্ষের বিমান হামলায় শহীদ হন তিনি।

নোয়াখালী প্রতিনিধি

আবু নাছের মঞ্জু,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 10:22 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রুহুল আমিন নগরে এই বীরের নামে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে ছয় বছর আগে।

স্থানীয় বাসিন্দা ও রুহুল আমিনের স্বজনরা এ গ্রন্থাগার ও জাদুঘরের আরও উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন।

২০০৮ সালে রুহুল আমিনের বাড়ির পাশে তার পরিবারের দান করা ২০ শতক জমিতে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নোয়াখালী জেলা পরিষদ বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করে।

এখানে রয়েছে বিভিন্ন সময়ে তার পরিবারকে দেয়া সরকারি-বেসরকারি পদকের পাশাপাশি মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ের বই, মুক্তিযুদ্ধভিত্তিক নানা পোস্টার, সাময়িকী আর পত্রপত্রিকা।

এলাকাবাসী ও দর্শনার্থীদের মতে এ জাদুঘর আরও সমৃদ্ধ হওয়া উচিত।

নোয়াখালী সরকারি কলেজের ছাত্র মেঞ্জামিন মো. রফি বলেন, “একজন বীরশ্রেষ্ঠের নামে স্মৃতি জাদুঘর এত কম পরিসরে হতে পারে না। জাদুঘরটিকে আরও সম্প্রসারিত করা প্রয়োজন। মুক্তিযুদ্ধভিত্তিক আরও অনেক সরঞ্জাম এখানে আনা দরকার, বই পুস্তকও আরো বাড়ানো উচিত। তাহলে আমরা মুত্তিযুদ্ধ সম্পর্কে আর বেশি জানতে পারব।”

স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. হানিফ বলেন, “জাদুঘরটিতে অনেককিছুর অভাব রয়েছে। এই বীরকে আগামী প্রজম্মের কাছে তুলে ধরতে হলে জাদুঘরটিকে আরও উন্নত করতে হবে। এখানে মুক্তিযুদ্ধভিত্তিক সভা-সমাবেশসহ বিভিন্ন উদ্বুদ্ধকরণ কর্মকাণ্ড নিয়মিত করতে হবে।”

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারের দাবি, প্রতিষ্ঠানটিকে আরও আধুনিকায়নের পাশাপাশি সরকারিভাবে এখানে বীরশ্রেষ্ঠের জম্ম ও মৃত্যু বার্ষিকীসহ জাতীয় দিবসগুলো পালনের ব্যবস্থা করা যায়।

রুহুল আমিনের বড় মেয়ে নুরজাহানের ছেলে সোহেল চৌধুরী বলেন, “প্রতিষ্ঠানটি করার পর এ এলঅকায় শিক্ষা, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রসার ঘটেছে। এখানে মুক্তিযুদ্ধভিত্তিক আরও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলে এলাকার ছাত্রছাত্রী এবং পরবর্তী প্রজম্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশি করে জানতে পারবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে পারবে।”

স্মৃতি কমপ্লেক্সে যাতায়াতের সড়কটি মেরামত করাও দরকার বলে এক লাইব্রেরিয়ান জানান।

কমপ্লেক্সেটি তদারকির দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদও প্রতিষ্ঠানটি ঠিকভাবে চলছে না বলে স্বীকার করেছে। নিজেদের অল্প পরিমাণ বাজেট দিয়ে এ ধরনের প্রতিষ্ঠান চালানো সম্ভব নয় বিধায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সহযোগিতার কথা বললেন জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্লাহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা পরিষদে অল্প পরিমাণ যে বাজেট দেওয়া হয়, এসবে আসলে সম্ভব নয়। মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ধরনের প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণে অর্থায়ন করার জন্য আলাদা একটা ফান্ড থাকা দরকার।”

সংক্ষিপ্ত জীবনী

বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন ১৯৩৫ সালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাঘপাচড়া গ্রামে (বর্তমান শহীদ রুহুল আমিন নগর) জন্মগ্রহন করেন। তার বাবা আজহার পাটোয়ারী ও মাতা জুলেখা খাতুন।

বাঘপাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমিষাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তিনি ১৯৫৩ সালে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে নৌ-বাহিনীতে যোগদান করে আরব সাগরে অবস্থিত নানোরা দ্বীপে পিএনএস বাহাদুর-এ প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষ করে তিনি পিএনএস কারসাজে যোগদান করেন।

১৯৫৮ সালে তিনি পেশাগত প্রশিক্ষণ শেষ করেন এবং ১৯৬৫ সালে মেকানিশিয়ান কোর্সের জন্য নির্বাচিত হন। পরে আর্টিফিসার পদে নিযুক্ত হন।

১৯৬৮ সালে চট্টগ্রাম পিএনএস বখতিয়ার নৌ-ঘাঁটিতে বদলি হয়ে যান।

১৯৭১ এর এপ্রিলে ঘাঁটি থেকে পালিয়ে গিয়ে ভারতের ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে ২ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে যোগদান করেন।

সেপ্টেম্বর পর্যন্ত ২ নম্বর সেক্টরের অধীনে থেকে বিভিন্ন স্থলযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ নৌ-বাহিনী গঠিত হলে তিনি কলকাতায় চলে যান।

ভারত সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পদ্মা  ও পলাশ নামে দুটি গানবোট উপহার দেয়। রুহুল আমিন ছিলেন পলাশের প্রধান ইঞ্জিন রুমে আর্টিফিসার।

যেভাবে শহীদ হলেন

৬ ডিসেম্বর মুক্তিবাহিনী যশোর সেনানিবাস দখলের পর পদ্মা, পলাশ এবং ভারতীয় মিত্রবাহিনীর একটি গানবোট ‘পানভেল’ খুলনার মংলা বন্দরে পাকিস্তানি নৌ-ঘাঁটি পিএনএস তিতুমীর দখলের উদ্দ্যেশ্যে বাংলাদেশে প্রবেশ করে।

১০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে গানবোটগুলো খুলনা শিপইয়ার্ডের কাছে এলে আকাশে তিনটি জঙ্গি বিমান দেখা যায়।

শত্রুর বিমান বলে বুজতে পেরে পদ্মা ও পলাশ থেকে গুলি করার অনুমতি চাওয়া হয়। কিন্তু অভিযানের সর্বাধিনায়ক ক্যাপ্টেন মনেন্দ্র নাথ ভারতীয় বিমান মনে করে গুলিবর্ষণ থেকে বিরত থাকার নির্দেশ দেন।

এর কিছুক্ষণ পর বিমানগুলো আচমকা নিচে নেমে এসে গুলিবর্ষণ শুরু করে। গোলা সরাসরি ‘পদ্মা’র ইঞ্জিন রুমে আঘাত করে ইঞ্জিন বিধ্বস্ত করে। হতাহত হন অনেক নাবিক। পদ্মা’র পরিণতিতে পলাশের অধিনায়ক লে. কমান্ডার রায় চৌধুরী নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন।

কিন্তু রুহুল আমিন এই আদেশ না মেনে উপস্থিত সবাইকে যুদ্ধ বন্ধ না করার আহ্বান করেন। কামানের ক্রুদের বিমানের দিকে গুলি ছুঁড়তে বলে তিনি ইঞ্জিন রুমে ফিরে আসেন। কিন্তু অধিনায়কের আদেশ অমান্য করে বিমানগুলো চ্যালেঞ্জ করা হয়নি। এদিকে বিমানগুলো উপর্যুপরি বোমাবর্ষণ করে পলাশের ইঞ্জিনরুম ধ্বংস করে দেয়। শহীদ হন রুহুল আমিন। রূপসা নদীর পাড়ে তাকে সমাহিত করা হয়।