দুর্ঘটনায় আহত বিমানকর্মীর মৃত্যু
রাজধানীর কুড়িলে সড়ক দুর্ঘটনায় আহত বিমান বাহিনীর লিডিং এয়ারক্রাফটম্যান (এলএসি) সুমন আহমেদ মারা গেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি টাঙ্গাইলের সখীপুরের কালমেঘা গ্রামের মো. আজহারুল ইসলামের ছেলে।
খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ নভেম্বর রাত ১০টার দিকে বিমানকর্মী সুমন (২২) ও আবদুল্লাহ আল মামুন মটরসাইকেলে ক্যান্টনমেন্টে যাওয়ার পথে কুড়িল বিশ্বরোডের ওভারব্রিজের নিচে দুর্ঘটনায় মারাত্মক আহত হন।
পুলিশ উদ্ধার করে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়। পরে দুজনকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
মামুন এখনো সেখানে চিকিৎসাধীন বলে ওসি নজরুল জানিয়েছেন।
তিনি বলেন, সুমন ও মামুন দুজনই চট্টগ্রামে কর্মরত। ডিসেম্বরের জাতীয় অনুষ্ঠানের জন্য তারা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছিলেন।
ময়নাতদন্তের জন্য সুমনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
