চট্টগ্রামে পাঁচ জয়িতাকে সম্মাননা
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে চট্টগ্রামে পাঁচ ‘জয়িতা’কে সম্মাননা জানানো হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষে যৌথভাবে এ সম্মাননা দেওয়া হয়।
শিক্ষা, সমাজ উন্নয়ন, অর্থনীতি, সফল জননী ও প্রতিবন্ধকতা জয়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাঁচ নারীকে এ সম্মান জানানো হয়।
শিক্ষা ও পেশাগত জীবনে সফল হওয়ায় লোহাগাড়া উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী জাহান আরা বেগম হেনাকে সম্মাননা দেওয়া হয়।
দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানো এ নারী স্নাতক পাস করে কম্পিউটার শিক্ষা অর্জন করেন। বর্তমানে তিনি অ্যালায়েন্স ওফ আরবান ডিপিও’স ইন চিটাগাং নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত। পাশাপাশি নারী ও প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করেন।
সমাজ উন্নয়নে সম্মাননা পাওয়া সন্দ্বীপ উপজেলার তাহমিনা হক চৌধুরী বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা ইউপি চেয়ারম্যান। তিনি ২৫ বছর এ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি একটি বিদ্যালয় ও একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
অর্থনৈতিকভাবে সফল নারী শাহীন নাসরিন হাটহাজারী উপজেলার বাসিন্দা। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় বিয়ে হয় তার। পরে নিজ উদ্যোগে বুটিক ও টেইলারিং প্রশিক্ষণ নিয়ে নিজস্ব শোরুমের মালিক হন তিনি।
সফল জননী শামীমা আক্তার চৌধুরী পটিয়া উপজেলার বাসিন্দা। পাঁচ সন্তানের জননী শামীমার চার সন্তানই দৃষ্টি প্রতিবন্ধী। তাদের মধ্যে তিনজন বর্তমানে স্কুল শিক্ষক ও একজন অধ্যয়নরত।
নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করেছে লোহাগাড়ার খালেদা বেগম। ২০০৭ সালে প্রথম স্বামীর এসিড সন্ত্রাসের শিকার হন খালেদা। চিকিৎসা শেষে নতুন সংসারে দুই সন্তানের জননী খালেদা পাহাড় থেকে কাঠ কেটে সংসার চালান।
অনুষ্ঠানে এই পাঁচ জনকে সম্মাননা স্মারক, সনদ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিভা হক।
সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বেগম রোকেয়ার জীবনকে আদর্শ ধরে আমাদের নারী সমাজকে এগিয়ে যেতে হবে। সমাজের সব স্তরের নারীদের অধিকার আদায় ও অগ্রযাত্রা নিশ্চিত করণে প্রশাসন তাদের সাথে থাকবে।
এরআগে সকাল সাড়ে আটটায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
