২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে হাতবোমাসহ ৪ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে হাতবোমাসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা গোড়ানে দোকান কর্মচারীকে গুলি করে বিশ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত বলে পুলিশের সন্দেহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 11:03 AM

Updated : 22 Aug 2022, 08:03 PM

এরা হলেন- হযরত আলী (২৫), জামাল হোসেন (২৭), হৃদয় (২৪) ও মো. রিয়াদ (২৬)।

খিলগাঁও থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোরে খিলগাঁও থানাধীন গোড়ানের একটি পরিত্যক্ত ভবনে বোমা তৈরির সময় হযরত, জামাল ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রিয়াদকে পাশের একটি ভবন থেকে একটি মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, “তারা একটি ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের কাছে দুটি হাতবোমা ও ককটেল তৈরির উপকরণ পাওয়া গেছে।”

এ চক্রের সদস্যরাই রোববার গোড়ানের তৃপ্তি হোটেলের সামনে এক দোকান কর্মচারীকে গুলি করে বিশ লাখ টাকা ছিনতাই করে বলে পুলিশের সন্দেহ।

ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ গোড়ানের ‘একতা’ নামের একটি মুদি দোকানের কর্মচারী আব্দুস সালাম (২৮)  দোকানের ২০ লাখ টাকা নিয়ে রিকশায় ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।

তৃপ্তি হোটেলের সামনে ছিনতাইকারীরা তার রিকশা আটকে বাম উরুতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

পরে সঙ্গে থাকা আরেক কর্মচারী আনোয়ার আহত সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি বলেন, “গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোড়ানের ছিনতাইয়ের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।”

পুরনো খবর:

ঢাকায় গুলি করে কোটি টাকা ছিনতাই