২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাকিস্তানিসহ গ্রেপ্তার পাঁচজন কারাগারে

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিকসহ পাঁচ জনকে দুদফায় জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 10:14 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মাশফিকুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রশিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ড শেষে তাদের আজ আদালতে হাজির করা হয়। আর রিমান্ড না চাওয়ায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ৩০ নভেম্বর গ্রেপ্তার চারজনকে তিন দিন করে ও এক জনকে দুদিনের রিমান্ডে পায় পুলিশ।

প্রথম দফায় গত ২৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেককে পাঁচ দিনের হেফাজতে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

গত ২৩ নভেম্বর বন্দর নগরীর নাসিরাবাদ এলাকার ‘হোটেল লর্ডস ইন’ থেকে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম (৪৪), আব্দুল মজিদ (৩১), মো. আমিন (৫০), মো. সফিউল্লাহ ও মো. ছালামত উল্লাহ নামে পাঁচজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।

শুরুতে তাদের ৫৩ ধারায় গ্রেপ্তার দেখানো হলেও পরে তাদের ঢাকার লালবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক, যার সদর দপ্তর নেদারল্যান্ডসে।

গ্রেপ্তার শফিউল্লাহ (৩৮) নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্তমান মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, সে এ বছরের ২৩ মার্চ হওয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন।

এদের মধ্যে সফিউল্লাহ ও ছালামত উল্লাহর বিরুদ্ধে রোহিঙ্গাদের জঙ্গি সংসঠন আরএসও’র ঘনিষ্ট যোগাযোগ আছে বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের ধারণা, হোটেল লর্ডস ইনে অবস্থানরত পাকিস্তানি নাগরিকের সাথে আরএসও সম্পৃক্ততা থাকায় বাকি চারজন সেখানে গিয়েছিল।