পাঁচ মিনিটের স্তব্ধতা নেত্রকোণায়
জেএমবির বোমা হামলায় আটজন নিহতের স্মরণে সন্ত্রাস-সাম্প্রদায়িকতা- মৌলবাদের উত্থান রোধে নেত্রকোণায় ‘স্তব্ধ কর্মসূচি’ পালিত হয়েছে।
নেত্রকোণা ‘ট্র্যাজিডি দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে সোমবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে পাঁচ মিনিটের এ কর্মসূচি পালিত হয়।
এ সময় শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণকে নীরবে দাঁড়িয়ে থাকতে এবং যানবাহনগুলোকে থেমে থাকতে দেখা যায়।
পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
২০০৫ সালের এ দিনে শহরের অজহর রোডে উদীচী শিল্পী গোষ্ঠী ও শতদলের কার্যালয়ের সামনে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় উদীচীর খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলীসহ আট জন নিহত হন, আহত হন অর্ধশতাধিক।
নেত্রকোণা ট্র্যাজিডি দিবস উদযাপন কমিটির সদস্য সচিব নীলম বিশ্বাস রাতুল বলেন, এ হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই হামলায় হিন্দু জঙ্গি যাদব জড়িত থাকার কথা উল্লেখ করে এই হামলাকে ‘নিউ ডাইমেনশন’ বলেছিলেন।
পুলিশের দায়ের করা বোমা হামলার মামলায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঢাকা-২ আদালত তিন জঙ্গি সালাউদ্দিন, আসাদুজ্জামান ও ফাহিমাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।
বাংলা ভাই ও সানির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এই দুই জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
নেত্রকোণা ট্র্যাজিডি দিবসের কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন তালুকদার, নেত্রকোণা ট্র্যাজিডি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান রতনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
