লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ যুবক
লক্ষ্মীপুর সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
তবে ওই যুবকের অভিযোগ, আটকের পর পুলিশ তার পায়ে গুলি করেছে।
সোমবার ভোরে চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনায় আহত মো. রাসেল (৩০) স্থানীয় মো. সহিদ উল্যার ছেলে। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, রাসেল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্য।
এ সময় দুই পুলিশ সদস্যও আহত হন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রাসেলের বাবা সহিদ উল্যা জানান, তার ছেলে সন্ত্রাসী নয়। তিনি চন্দ্রগঞ্জ বাজারের পোল্ট্রি ফিড ও ফার্নিচার ব্যবসায়ী। পুলিশ তাকে আটক করার পর বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রাসেল জানান, সোমবার রাতে তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় যাচ্ছিলেন। পথে কুমিল্লা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটক করা হয়। পরে চোখ বেঁধে নিজ এলাকায় নিয়ে তার ডান পায়ে গুলি করে পুলিশ।
তিনি কোনো সন্ত্রাসী বাহিনীর সদস্য নন বলেও দাবি করেন রাসেল।
