রাঙামাটিতে গুলিতে চাকমা নারীর মৃত্যু
রাঙামাটির কাউখালী উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক চাকমা নারী নিহত হয়েছেন, আহত হন এক ব্যক্তি।
সোমবার সকালে ঘাগড়া ইউনিয়নের চেলাছড়ার নোয়াপাড়া এলাকায় এ হামলায় নিহত চুংগুলা চাকমা (৩০) একই ইউনিয়নের দেওয়ান পাড়ার শাক্যমনি চাকমার স্ত্রী।
গুলিবিদ্ধ হরিধর চাকমাকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জনসংহতি সমিতি ও ইউপিডিএফের দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
কাউখালী থানার ওসি নীলু কান্তি বড়ুয়া জানান, সকালে চংগুলা চাকমা ঘাগড়া থেকে চেলাছড়া নোয়াপাড়ায় বাপের বাড়ি বেড়াতে যান। পথে দুর্বৃত্তদের গুলিতে চুংগুলা চাকমা নিহত এবং তার সঙ্গে থাকা হরিধর চাকমা আহত হন।
ফাইল ছবি
ওসি জানান, চংগুলা চাকমার শ্বশুরবাড়ি পার্বত্যস চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু) নিয়ন্ত্রিত ঘাগড়ার দেওয়ান পাড়ায় এবং বাবার বাড়ি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নিয়ন্ত্রিত একই উপজেলার চেলাছড়া নোয়াপাড়ায়।
“এ দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে,” বলেন ওসি নীলু।
এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফ পরস্পর বিরোধী অভিযোগ করেছে।
কাউখালী উপজেলা জনসংহতি সমিতির নেতা সুবাস চাকমা অভিযোগ করেন, ইউপিডিএফের অন্তর্কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।
ইউপিডিএফ নেতা রাকেল তংচংগ্যা এ অভিযোগ অস্বীকার করেছেন।
