জামিন পেলেন রাবি ছাত্রদলের ১৪ নেতাকর্মী
গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৪ নেতাকর্মী ও এক বিএনপি নেতা জামিন পেয়েছেন আদালতে।
রোববার রাতে নগরীর মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে তাদের আটক করা হয়। মেট্রাপলিটন আইনে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠায় নগরীর মতিহার থানা পুলিশ।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোজাম্মেল হক জানান, বিচারক শারমিন আক্তার শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন।
"পরে পরীক্ষা থাকায় দুই ছাত্রদল নেতাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।"
গ্রেপ্তার দেখানোদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি ও মতিহার এলাকার মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমুল হক।
নাজমুল হক তিন লাখ টাকা জালিয়াতির অভিযোগে অর্থ ঋণ আদালতের সাজাপ্রাপ্ত এবং ২০১২ সালে পুলিশের উপর হামলার ঘটনার দায়ের করা একটি মামলার পলাতক আসামি বলে জানায় পুলিশ।
তাকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি আলমগীর।
গ্রেপ্তার দেখানো ১৪ বিশ্ববিদ্যালয় ছাত্রকে মহানগর বিচারিক হাকিমের ৩ নম্বর আদালতে হাজির করা হলে আসামিদের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়।
