নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬
পূর্ব শত্রুতার জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ মোতালেব (৩০), আব্দুর রব মিয়া (৩০), লিয়াকত হোসেন (২০), শামসুল হক (২৫), মনির হোসেন(২৫) ও জোৎস্নাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানায় কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন সমর্থিত আম্বর আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম সমর্থিত মোস্তফা গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এর মধ্যে প্রথম পক্ষের জয়রাম দাস ও দ্বিতীয় পক্ষের মধু রামের মধ্যে রোববার বিকালে ঝগড়া হয়। পরে স্থানীয় লোকজন তাদের দুই জনকে সালিশে বসে মিলিয়ে দেয়।
কিন্তু সোমবার সকালে দুই পক্ষ আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকম দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন, "জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। এটাকে আমাদের সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষ বলা ঠিক নয়।"
তবে এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডালিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি আলমগীর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
