২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘মিথ্যা তথ্য’ দিয়ে খবর প্রচারের অভিযোগে একুশে টেলিভিশনের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 12:37 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মো. আবু তাহের ভূইয়া সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।

এতে একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান আবদুস সালাম, প্রধান বার্তা সম্পাদক ইব্রাহিম আজাদ, স্টাফ রিপোর্টার ফারুক হোসেন ও ক্যামেরাম্যান আবদুর রাজ্জাককে বিবাদী করা হয়েছে বলে বাদীর আইনজীবী দুলাল মিত্র জানান।

বাদীর জবানবন্দি শোনার পর মহানগর হাকিম অশোক কুমার দত্ত অভিযোগ তদন্ত করে আগামী ৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য তেজগাঁও থানার পরিদর্শককে (তদন্ত) নির্দেশ দিয়েছেন।

দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২২ ও ২৩ নভেম্বর একুশে টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কর্মচারী আবু তাহের জনতা ব্যাংক বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা ঢাকা থেকে ‘২৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন’ এবং ‘রীতিমত তেলেসমাতি কারবার করে’ তিনি এখন নিউটেক্স কোম্পানির মালিক।”

বাদী যে নিউটেক্স কোম্পানির মালিক নন এবং তিনি জনতা ব্যাংক থেকে কোনো ঋণ নেননি সে বিষয়ে আদালতে ব্যাংকের একটি প্রত্যায়নপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান দুলাল।