২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রেহানা পরিচয়ে প্রতারক নারী কারাগারে

শেখ রেহানা পরিচয়ে গভর্নরকে ফোন করে প্রতারণার মামলায় গ্রেপ্তার মারজিয়া জান্নাতি নুপাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 12:19 AM

Updated : 22 Aug 2022, 08:03 PM

রোববার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই টিপু সুলতান তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে বিচারক অশোক কুমার দত্ত কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত পুলিশের এসআই জাফর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে মারজিয়ার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। তার জন্য রিমান্ড বা জামিনের কোনো আবেদন করা হয়নি।

তবে তার সঙ্গে গ্রেপ্তার স্বামী কাশেম মজুমদারকে আদালতে পাঠানো হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মারজিয়া জান্নাতি নুপা ও তার স্বামীকে শনিবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার র‌্যাব-৩ এর অধিনায়ক গোলাম সারোয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, “মারজিয়া নিজেকে শেখ রেহানা পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে টেলিফোন করে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করেছিলেন।

“গত ৩০ নভেম্বর শেখ রেহানা পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সরকারি বিটিসিএল (টিঅ্যান্ডটি) নম্বরে ফোন করে বলেন- ‘আমি শেখ রেহানা বলছি, আপনার কাছে একজন পঙ্গু পুরুষ এবং একজন অন্তঃসত্তা মহিলা পাঠাচ্ছি। তাদের কথা শুনে আর্থিক সমস্যার সমাধান করবেন’।”

এছাড়া বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানির ইন্সুরেন্সের টাকাও তাকে দেওয়া যায় কিনা সে ব্যাপারেও বিভিন্ন ব্যাংককে নির্দেশ দিতে মারজিয়া গভর্নরকে ‘পরামর্শ’ দেন বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, “সেদিন ফোন করার পর গভর্নরের সন্দেহ হয়। পরে যে নম্বর থেকে ফোন এসেছিল সে নম্বরে ফোন করার জন্য ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন গভর্নর।

“ব্যক্তিগত সহকারী ওই নম্বরে ফোন করলে এক মহিলা ফোন ধরে নিজেকে ‘সেতু’ নামে পরিচয় দেন এবং বাড্ডায় থাকেন বলে জানান।”

বিষয়টি ওইদিনই র‌্যাবকে জানানো হলে তদন্ত শুরু করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

র‌্যাব অধিনায়ক গোলাম সারোয়ার বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করে নিশ্চিত হওয়া যায় ইন্সুরেন্স কোম্পানির ওই কর্মকর্তা এবং তার ঠিকাদার স্বামী প্রতারণার আশ্রয় নিয়েছিলেন।

“এভাবেই তারা লাখ লাখ টাকা অবৈধভাবে আয়ের স্বপ্ন দেখছিলেন।”