২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হঠাৎ শীত

একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি কমে যাওয়ায় রাজধানীতে রোববার হঠাৎই বেশ শীত অনুভুত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 10:56 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

আকস্মিক এ তাপমাত্রা কমায় মহানগরী জুড়ে বেশ শীত লাগছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেঘলা আবহাওয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের চেয়ে অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে রোববার। এজন্যে অস্বাভাবিক এ শীত অনুভূতি।”

পঞ্জিকায় পৌষ মাস আসতে আরো সপ্তাহ খানেক সময় বাকি থাকলেও রাজধানীর বাইরে শীত জাঁকিয়ে বসেছে আরও আগেই। রাতভর কুয়াশার সঙ্গে হালকা বাতাসও বয়ে যাচ্ছে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “তাপমাত্রা এখন কমতে থাকবে। এ সময়ে দিন-রাতের তাপমাত্রা কমা স্বাভাবিক। মাসের শেষার্ধে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”

দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তবে এ মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ টি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে, যখন তাপমাত্রা নামতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া দেশের নদ-নদী অববাহিকায় মাঝারী বা ঘন কুয়াশা এবং অন্য এলাকাগুলোতে হালকা মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

পুরনো খবর:

শীতের আগমনী বার্তা