২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি: কোটালীপাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ চলছে কয়েকদিন ধরে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 10:43 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

উপজেলার জহরেরকান্দি গ্রামের পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক সুব্রত লাল মধুর শাস্তি দাবিতে বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীও রয়েছেন।

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে কয়েক শিক্ষার্থী বলেন, গত ৪ ডিসেম্বর বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষক বনোজ কুমার মজুমদারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

এরপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা বিক্ষোভে নামেন। সুব্রত লাল মধুর বহিষ্কার দাবিতে শনিবার থেকে বিদ্যালয় চত্বরে নিয়মিত বিক্ষোভ চলছে।

এ প্রেক্ষাপটে রোববার বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভা হয় জানিয়ে কমিটি সভাপতি লক্ষ্মী কান্ত হালদার বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েক জন ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলার শিক্ষক সুব্রত এর আগেও কয়েক ছাত্রীকে ‘কুপ্রস্তাব’ দিয়েছিলেন। ওই ছাত্রীরা প্রধান শিক্ষক ও কমিটির কাছে অভিযোগ দিয়েও কোনো বিচার পায়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জহরেরকান্দি গ্রামের বাসিন্দা ও এক শিক্ষার্থীর অভিভাবক শ্যামল কান্তি বিশ্বাস বলেন, “ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে আমরা আমাদের ছেলে-মেয়েদের এই স্কুলে আর পড়াবো না।”

তবে অভিযোগ অস্বীকার করে সুব্রত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।”