২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক লাখ কম্বল দিবে ব্র্যাক

শীতার্ত দরিদ্রদের মধ্যে এ বছর শীত মৌসুমে এক লাখ কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 10:33 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ব্র্যাকের পক্ষ থেকে এক লাখ কম্বল বিতরণ ছাড়াও ‘একটু উষ্ণতার জন্য’ শিরোনামে একটি প্রচারণা অভিযান হাতে নেয়া হয়েছে।

ফ্যাশন হাউজ আড়ং-এর সঙ্গে এই যৌথ উদ্যোগে শীতার্তদরে সহযোগিতায় যত বেশি সংখ্যক গরম কাপড় এবং নগদ টাকা সংগ্রহ করা হবে।

এ প্রসঙ্গে ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ বলেন, “প্রতিবছরই আমরা দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি পালন করি। যদিও এবছর বড় পরিসরে এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে এবং আমরা সবাইকে শীতার্তদের কষ্ট কমাতে এতে অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি।”      

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাকের এই উদ্যোগে বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নগদ সহায়তা করতে পারবেন আগ্রহীরা। এর বাইরে আড়ং-এর শাখাগুলোতেও নগদ টাকা সহায়তা করা যাবে।

বিকাশের মাধ্যমে টাকা দিতে পেমেন্ট অপশন-এ গিয়ে ০১৭৩০৩২১৭৬৫ নম্বরে পাঠাতে হবে আগ্রহীদের। বিকাশ এজেন্ট দিয়েও একই নম্বরে টাকা পাঠানো যাবে। এছাড়া ব্র্যাক ব্যাংকের হিসাব নং-১৫০১২০২৩১৬৪৭৪০০১ নম্বরেও আগ্রহীরা সরাসরি টাকা পাঠাতে পারেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগে আড়ং শীতের শাল, সোয়েটার এবং কম্বল দেশব্যাপী তার শাখার মাধ্যমে সংগ্রহ করবে।

এ বিষয়ে আরো বিস্তারিত জানতে  www.brac.net/warmththiswinter -এই ওয়েবসাইটে আগ্রহীদের ভিজিট অনুরোধ করেছে ব্র্যাক।