৭ খুন: আরও ২ র্যাব সদস্যের দোষ স্বীকার
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন র্যাবের আরও দুই সদস্য।
এরা হলেন- হাবিলদার মো. নাছিরউদ্দিন ও বাবুল হাসান। রোববার নারায়ণগঞ্জের হাকিম মনোয়ারা বেগম ও সাইদুজ্জামান শরীফের আদালতে তারা দুজন আলাদাভাবে এই জবানবন্দি দেন।
এনিয়ে র্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ এই বাহিনীর ১৬ সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
সাত মাস আগে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে র্যাব সদস্য ছাড়াও আরও দুজন আদালতে জবানবন্দি দেন।
সর্বশেষ জবানবন্দি দেওয়া বাবুল ছিলেন সেনাবাহিনী থেকে র্যাবে আসা আরিফ হোসেনের দেহরক্ষী। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর আরিফের পাশাপাশি মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা তারেককেও সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “বাবুল হাসান এই মামলার গুরুত্বপূর্ণ আসামি। সে মেজর আরিফের সঙ্গে থেকে ৭ জনকে অপহরণের পরিকল্পনা, খুন ও লাশ গুমের সাথে সম্পৃক্ত।”
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুটি গাড়ি থেকে তুলে নেওয়া হয় নজরুল ও চন্দনসহ সাতজনকে। তিনি দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের হাত-পা বাঁধা লাশ ভেসে ওঠে।
নজরুলের পরিবারের অভিযোগ, আরেক কাউন্সিলর নুর হোসেন র্যাবকে অর্থ দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মামলার প্রধান আসামি নুর হোসেন পালিয়ে যাওয়ার পর ভারতে আটক হয়েছেন। তাকে ফেরানোর চেষ্টা চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই মামলায় র্যাবের ৯ সদস্যসহ মোট ১৬ জন আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত র্যাবের ১৬ জনসহ মোট ২৯ জনকে।
