ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্ত্রীর হত্যাচেষ্টার মামলা
নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে যশোরের এক সহকারী কমিশনারের (ম্যাজিস্ট্রেট) বিরুদ্ধে থানায় মামলা করেছেন তার স্ত্রী।
মামলায় আকরাম ছাড়াও তার মা নূর আক্তার সাজ্জাদকে আসামি করা হয়েছে।
আকরাম ঢাকার পূর্ব রামপুরার মৃত সাজ্জাদ হোসেনের ছেলে বলে কোতয়ালি থানার এএসআই শাহীনুর রহমান জানান।
তনিমার ভাষ্য অনুযায়ী, ঢাকার গুলশানের নরদা এলাকায় বাসিন্দা আব্দুস সালামের মেয়ে তিনি। প্রেমের সম্পর্ক থেকে আকরামের সঙ্গে তার বিয়ে হয়। তবে আকরামের পরিবার পুত্রবধূকে মেনে নেয়নি।
আকরামের কর্মস্থল যশোর শহরের নীল রতন ধর রোড়ের একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন তারা।
“গত ১ নভেম্বর রাতে হঠাৎ আমাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে আকরাম। জোরাজুরির এক পর্যায়ে বালিশ সরে গেলে আমাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয় সে,” মামলায় বলেছেন তনিমা।
এরপর সেখান থেকে পালিয়ে প্রতিবেশী যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন এবং জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেট ঝুমুর বালার কাছে গিয়ে আশ্রয় নেন বলে জানান তনিমা।
প্রতিবেশীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরদিন ঝিনাইদহে তার দাদার বাড়িতে পৌঁছে দেন বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে গত ১০ নভেম্বর ও ১ ডিসেম্বর দুই দফায় যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে সালিশ বসলেও তাতে কোনো সমাধান না হওয়ায় তিনি মামলা করেছেন বলে এজাহারে উল্লেখ করেছেন তনিমা আহমেদ।
এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী কমিশনার আকরামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
