বেনাপোলে দুই শতাধিক কচ্ছপ জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে ২২০টি কচ্ছপ আটক করেছে বিজিবি সদস্যরা।
রোববার বিকালে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে বেনাপোলের ঘিবা সীমান্ত পথে ভারত থেকে পাচারকারীরা বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে বিজিবির টহল দল ধাওয়া দিলে তারা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ২২০টি কচ্ছপ পাওয়া যায়।
সন্ধ্যায় কচ্ছপগুলো খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।
