২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজদিখানের ইউএনওকে তলব

আদেশের পরও নদী দখল বন্ধে ব্যবস্থা না নেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইউএনওকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেয়। এই কর্মকর্তাকে আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হতে হবে।

আদালতে বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের মাদবরের হাটে ইছামতী-ধলেশ্বরী শাখানদী দখল করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ এলে গত ২১ অক্টোবর হাই কোর্ট রুল জারি করে।

অন্তর্বর্তীকালীন আদেশে সাত দিনের মধ্যে দখল বন্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ওই নদীতে স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও বলা হয়।

এই আদেশ বাস্তবায়ন করে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতেও বলা হয়।

মনজিল মোরসেদ বলেন, নভেম্বরের ১৮ ও ২৩ তারিখে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। সরকারপক্ষ উভয়দিন সময় নেয়। এরপরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ইউএনওকে হাজির হওয়ার এই আদেশ দেয়া হয়।