বরিশালে সেলিমার গাড়িবহরে হামলা, তিন রকমের কথা
নিজের নির্বাচনী এলাকা বরিশালের মুলাদীতে হামলার মধ্যে পড়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের গাড়িবহর।
বিএনপি নেত্রীর অভিযোগ, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে এবং তাতে ৫ নেতা-কর্মী আহত হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, বিএনপিতে সেলিমার প্রতিপক্ষরাই এই হামলা চালিয়েছে।
অন্যদিকে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের আহত হওয়ার কথা স্বীকার করে বলছে, কোনো হামলাই হয়নি। ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখে দ্রুত সরে পড়তে গিয়ে গাড়িবহরের মধ্যে দুর্ঘটনা ঘটেছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মুলাদী ডিগ্রি কলেজের সামনে গাড়িবহরে হামলা হয় বলে সেলিমার অভিযোগ। তিনি উপজেলা শহরে দলীয় কার্যালয়ে কর্মীসভায় যাচ্ছিলেন।
সেলিমা সাংবাদিকদের বলেন, “মুলাদী কলেজ অতিক্রমের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়িবহরে পেছন দিক থেকে হামলা চালায়। তারা ৩/৪টি মোটর সাইকেলও ভাংচুর করে। এতে ৫ জন আহত হন।”
মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল হাসান সবুজ বিদেশ থেকে ফেরার পর তাকে সংবর্ধনা দিতে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ফটকে জড়ো ছিলেন।
ওই সময়ই সেলিনা রহমানের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করছিল বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
তবে মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আহম্মেদ জুয়েল হামলার দায় অস্বীকার করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন।
“সেলিমা রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীনের বিরোধ প্রকাশ্য। দুই নেতার কর্মীদের মধ্যে প্রায়ই হামলা-সংঘর্ষ হচ্ছে। সেলিনা রহমানের প্রতিপক্ষরাই তার গাড়িবহরে হামলা চালিয়েছে,” বলেন তিনি।
সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এখন ছাত্রলীগকে দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ জুয়েলের।
মুলাদী থানার ওসি আলাউদ্দিন মিলন এই বিষয়ে সাংবাদিকদের বলেন, “আসলে কোনো হামলা হয়নি।
“ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ গেটে জড়ো ছিল। তখন সেলিমা রহমানের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করছিল। ছাত্রলীগ নেতাকর্মীদের দেখে বিএনপির নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করতে গিয়ে নিজেদের মোটর সাইকেলে মধ্যে সংঘর্ষ হয়।”
