বর্ধমান বিস্ফোরণে চিহ্নিত আরেকজন গ্রেপ্তার
ভারতের বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন জঙ্গি শাহানুর আলম গ্রেপ্তার হয়েছেন।
আসামের শাহানুরের মাথার দাম ছিল ৫ লাখ রুপি। প্রায় এক মাস আগে তার স্ত্রী সাজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল।
আসাম পুলিশ জানিয়েছে, শাহানুরকে শুক্রবার সন্ধ্যায় নলবাড়ি জেলা থেকে গ্রেপ্তার করা হয়। গুয়াহাটির স্পেশাল ব্রাঞ্চের সদর দপ্তরে তাকে জেরা করা হচ্ছে।
গত ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের পর ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে শাহানুরের নাম আসার পর বাসস্থল আসামের চোতালা গ্রাম থেকে তিনি সস্ত্রীক পালিয়ে যান।
গত ৮ নভেম্বর সাজিনার গুয়াহাটিতে আসার খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দারা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শাহানূরের ভাই জাকারিয়া আলীসহ পাঁচজনকে আগেই গ্রেপ্তার করে পুলিশ।
জঙ্গি তৎপরতা চালানোর জন্য বিদেশ থেকে আসা অর্থ শাহানুরের মাধ্যমে লেনদেন হত বলে ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন। তারা বলছেন, সাজিনা চোতালার মাদ্রাসায় মেয়েদের বিশেষ প্রশিক্ষণ দিতেন।
বর্ধমান বিস্ফোরণকাণ্ডে জড়িত ১২ জনকে সনাক্ত করে তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে এনআইএ, এদের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।
বর্ধমানের বিস্ফোরণস্থল
ভারতের মাটিতে এই বিস্ফোরণে বাংলাদেশের জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে নয়া দিল্লির গোয়েন্দারা বলছেন, পশ্চিমবঙ্গ ও আসামে জামায়াতুল মুজাহিদিন সংগঠনটি গড়ে তুলছিলেন তারা।
ভারতের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বর্ধমান বিস্ফোরণের তদন্তে তারা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যায় জঙ্গিদের একটি পরিকল্পনাও জানতে পেরেছেন।
এই বিস্ফোরণ তদন্ত দুই দেশের গোয়েন্দারা একযোগে কাজ করছেন। এনআইএ’র একটি দলের ঢাকা সফরের পর বাংলাদেশের গোয়েন্দারাও নয়া দিল্লি সফর করে এসেছেন।
