আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক সম্মেলন
'ট্রেড ইউনিয়ন গড়ে তোল, অধিকার আদায় কর' শ্লোগান নিয়ে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো পঞ্চম গার্মেন্টস শ্রমিক সম্মেলন।
শুক্রবার বিকালে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটি এ সম্মেলন আয়োজন করে।
সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিক বাচাঁও, শিল্প বাঁচাও নীতির ভিত্তিতে প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন গড়ে তুলে একদিকে শ্রমিকদের অধিকার আদায়, অন্যদিকে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে শিল্পকে বিকশিত করতে হবে।
এ সময় রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনসের সকল শ্রমিকের যথেষ্ট ক্ষতিপূরণ প্রদানন এবং এসব ঘটনায় দায়ী মালিক-কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আঞ্চলিক কমিটির সভাপতি লুৎফর রহমান আকাশের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা মনজুরুল আহসান খান, কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সাভার-আশুলিয়ার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু, রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইমদাদুল হক প্রমুখ।
বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিকও উপস্থিত ছিলেন।
